Skip to content

তৃণমূল বনাম নবতৃণমূল: ভাঙন না পুনর্জন্ম?

রাজনীতির ইতিহাস কখনও সরলরেখায় অঙ্কিত হয় না। সেখানে যেমন বিজয়ের উল্লাস আছে, তেমনি আছে আত্মসমালোচনার কঠিন সময়; যেমন ক্ষমতার শিখর আছে, তেমনি আছে পতনের প্রান্তরও। ইতিহাস বারবার দেখিয়েছে, কোনও রাজনৈতিক শক্তির জন্য সবচেয়ে বড় পরীক্ষা বিরোধী শিবিরের আক্রমণ নয়, বরং নিজের অভ্যন্তরে জন্ম নেওয়া সংকটকে মোকাবিলা করার ক্ষমতা। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তৃণমূল কংগ্রেস আজ ঠিক সেই পরীক্ষার সম্মুখীন।একসময় ‘মা, মাটি, মানুষ’-এর আদর্শকে সামনে রেখে যে দল বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করেছিল, আজ সেই দলকেই বহুমুখী সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ক্ষমতার দীর্ঘ যাত্রাপথে দলটির বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌর নিয়োগে অনিয়ম, কয়লা ও গরু পাচার-সংক্রান্ত বিতর্ক, আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন—এসব অভিযোগ কেবল রাজনৈতিক বিরোধিতার অস্ত্র হয়ে ওঠেনি; সাধারণ মানুষের মনেও সংশয়ের জন্ম দিয়েছে।আর সেইজন্যই পরিবর্তনের ডাক দিয়েছে বাংলার মানুষ। যদিও আদালত ও তদন্তকারী সংস্থার প্রক্রিয়া চলমান এবং বহু অভিযোগ এখনও বিচারাধীন, তথাপি এই ঘটনাগুলি তৃণমূলের জনভাবমূর্তিতে গভীর প্রভাব ফেলেছে।কিন্তু বর্তমান সংকটের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো দলের অভ্যন্তরীণ বিভাজন। তৃনমূল বনাম নব-তৃনমূল। যে দল একসময় শক্তিশালী সাংগঠনিক ঐক্যের প্রতীক ছিল, যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রুপরেখা তৈরি করেছিল আজ সেই দলের মধ্যেই দ্বিমুখী রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। একদিকে দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যশীল শিবির, অন্যদিকে পরিবর্তনের দাবিতে সরব দলেরই এক গোষ্ঠী। সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করছে যে, এই দ্বন্দ্ব আর শুধুমাত্র মতপার্থক্যের পর্যায়ে সীমাবদ্ধ নেই; তা কার্যত সাংগঠনিক অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। আর এই সংকটের কেন্দ্রে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আজকের ঘটনাপ্রবাহ বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি বিরোধী দলনেতা হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তিনি বিধানসভার স্পিকারের কাছে বিপুল সংখ্যক বিধায়কের সমর্থনপত্র জমা দিয়েছেন এবং তাঁর গোষ্ঠী নিজেদেরই প্রকৃত আইনসভার দল হিসেবে দাবি করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ষাটজন বিধায়কের সমর্থন তাঁর পাশে রয়েছে বলে দাবি করা হয়েছে, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে নজিরবিহীন পর্যায়ে পৌঁছে দিয়েছে।রাজনীতির এক চিরন্তন সত্য হলো—ক্ষমতা মানুষকে শক্তিশালী করে, কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষমতা অনেক সময় আত্মসমালোচনার ক্ষমতাকে ক্ষয় করে দেয়। যখন কোনও রাজনৈতিক দল মানুষের কণ্ঠস্বরের চেয়ে নিজের সাফল্যের প্রতিধ্বনি বেশি শুনতে শুরু করে, তখন ধীরে ধীরে জনগণের সঙ্গে তার মানসিক দূরত্ব তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন বলে মনে হচ্ছে। তবে সংকটকে কেবল পতনের পূর্বাভাস হিসেবে দেখলে ভুল হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, বহু রাজনৈতিক শক্তি তাদের সবচেয়ে কঠিন সময় থেকেই পুনর্জন্ম লাভ করেছে। সংকট এক অর্থে আয়না যেখানে একটি দল নিজের সীমাবদ্ধতা, সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক বিচ্যুতিকে স্পষ্টভাবে দেখতে পায়। আত্মসমীক্ষার সেই মুহূর্তই ভবিষ্যৎ পুনর্গঠনের ভিত্তি তৈরি করে। জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে দলকে শুধু বিরোধীদের সমালোচনা করলেই চলবে না; বরং দুর্নীতির অভিযোগ নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে, সংগঠনের ভিতরে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে এবং তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে।বাংলার রাজনীতি বরাবরই আবেগ, সংস্কৃতি ও জনমতের এক অনন্য সমন্বয়। এখানে মানুষ শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেখে না; তারা নেতৃত্বের সততা, নৈতিক অবস্থান এবং মানুষের পাশে থাকার মানসিকতাকেও মূল্যায়ন করে। সেই কারণেই বর্তমান সংকট কেবল একটি দলের সাংগঠনিক সমস্যার গল্প নয়; এটি জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের এক গভীর পুনর্মূল্যায়নের মুহূর্ত। আজ তৃণমূল কংগ্রেস এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ বিভাজন, নেতৃত্বের প্রশ্ন এবং সাংগঠনিক বিভাজন সব মিলিয়ে এটি নিঃসন্দেহে তাদের অস্তিত্বের অন্যতম কঠিন সময়। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, যে শক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, জনগণের কাছে ফিরে যেতে পারে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে, ভবিষ্যৎ শেষ পর্যন্ত তার জন্যই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। রাজনীতির মঞ্চে কোনও অধ্যায়ই চিরস্থায়ী নয়। ক্ষমতা আসে, ক্ষমতা যায়; কিন্তু জনআস্থা, আত্মসমীক্ষা এবং আদর্শের প্রতি নিষ্ঠাই শেষ পর্যন্ত একটি রাজনৈতিক শক্তির প্রকৃত পরিচয় নির্ধারণ করে। তৃণমূল কংগ্রেসের বর্তমান সংকট বাংলার গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। আগামী দিনে দলীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেবে, সাংগঠনিক পুনর্গঠন কোন পথে এগোবে, বিদ্রোহ ও অসন্তোষের মোকাবিলায় কী কৌশল গ্রহণ করা হবে, কিংবা জনআস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে কতটা আত্মসমালোচনার পথ বেছে নেওয়া হবে সেই উত্তর এখনও সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা যায় না, আগামী দিনের রাজনৈতিক মানচিত্রে মানুষের সামনে থাকবে বর্তমান তৃণমূল কংগ্রেস, নাকি আত্মসমালোচনা ও পুনর্গঠনের মধ্য দিয়ে জন্ম নেবে এক ‘নবতৃণমূল’। সময়ের চাকা আজ বাংলার রাজনীতিতে এক অভিনব দৃশ্যপট নির্মাণ করেছে। একদিকে তৃণমূল কংগ্রেস যখন অন্তর্দ্বন্দ্বের আগুনে দগ্ধ হয়ে আত্মপরিচয়ের সংকটে নিমজ্জিত, তখন অন্যদিকে ভারতীয় জনতা পার্টি সংগঠনের শিকড়কে আরও গভীরে প্রোথিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিজেদের রাজনৈতিক পরিসর বিস্তৃত করছে। ইতিহাসে এমন মুহূর্ত বিরল, যখন এক রাজনৈতিক শক্তি ভাঙনের প্রান্তসীমায় দাঁড়িয়ে ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে তাকিয়ে থাকে, আর অপর একটি শক্তি একই সময়ে নতুন সম্ভাবনার সোপান নির্মাণে ব্যস্ত থাকে। বাংলার রাজনীতির এই বৈপরীত্যপূর্ণ অধ্যায় নিঃসন্দেহে আগামী দিনের ইতিহাস রচনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে। — দেবরাজ সাহা

Latest