ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

নিজস্ব সংবাদদাতা : জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক।

সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে। সারা দেশের ২০টি জোন থেকে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ জোনের ২২টি স্কুলের প্রায় ৬০০ জন প্রতিযোগী ন্যাশনাল স্পোর্টসে অংশগ্রহণের সুযোগ পায়। তাদের মধ্যে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের ৩৯ জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে নিজেদের ক্রীড়া প্রতিভার পরিচয় দিয়ে বিদ্যালয়ের জন্য ৫২টি পদক ছিনিয়ে আনে।

এবারের প্রতিযোগিতায় বিশেষভাবে নজর কেড়েছে বিদ্যালয়ের ছাত্রী ঐশানী সরকার। সাঁতারের সাতটি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটি বিভাগেই সোনার পদক জয় করে সে। অর্থাৎ, একাই সাতটি স্বর্ণপদক অর্জন করে জাতীয় স্তরে অসাধারণ কৃতিত্বের নজির গড়েছে ঐশানী। তার এই সাফল্যে বিদ্যালয়ের পাশাপাশি গর্বিত মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের ক্রীড়ামহল।পশ্চিমবঙ্গ জোনের ২২টি বিদ্যালয়ের মধ্যে সর্বাধিক পদক জয়ের সুবাদে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের এই প্রথম স্থান অধিকার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে বিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই সাফল্য।কৃতী খেলোয়াড়দের সম্মান জানাতে আগামী ২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম প্রার্থনা সভায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধিত করবেন। পাশাপাশি তাঁদের এই অসামান্য কৃতিত্বের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করবেন।জাতীয় স্তরের মঞ্চে ৫২টি পদক জয় এবং পশ্চিমবঙ্গ জোনে প্রথম স্থান অধিকার—মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের এই সাফল্য নিঃসন্দেহে বিদ্যালয়ের ক্রীড়া ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n