নিজস্ব সংবাদদাতা : আইএএস বা আইপিএস হওয়ার স্বপ্ন দেখতে আর দিল্লি বা রাজস্থানে পাড়ি দিতে হবে না। এবার শহর দুর্গাপুরেই গড়ে উঠছে উচ্চমানের আবাসিক সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র। রাজ্য প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী এম.এ.এম.সি গেস্ট হাউসকে আধুনিক শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।

এই প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, Asansol Durgapur Development Authority-র চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, এডিডিএ-র সিইও অদিতি চৌধুরী-সহ বিভিন্ন দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা।এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত জানান, নতুন শিক্ষাকেন্দ্রে আধুনিক প্রশিক্ষণ মডিউল, সমৃদ্ধ লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব এবং আবাসিক থাকার পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকবে। ভবিষ্যৎ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উপযোগী পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। আগামী দিনে এই গেস্ট হাউসকে প্রশাসনিক প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এখানে একটি বৃদ্ধাশ্রমও তৈরির ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মহকুমা শাসক সুমন বিশ্বাস স্পষ্ট করে বলেন, শুধুমাত্র আইএএস বা আইপিএস নয়, অন্যান্য সর্বভারতীয় চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষত্ব হল, অভিজ্ঞ আইএএস ও আইপিএস অফিসারেরাই সরাসরি পাঠদান করবেন। আর এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যা আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।প্রশাসন সূত্রে জানা গেছে, গেস্ট হাউসের প্রতিটি তলা, ঘর ও হলরুমের ব্যবহারযোগ্যতা, বর্তমান পরিকাঠামোর মান এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখেই সংস্কারের কাজ শুরু হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে আধুনিকীকরণ সম্পন্ন করা হবে। ডা. Bidhan Chandra Roy-এর স্বপ্নের শহর দুর্গাপুর এতদিন ইস্পাত শিল্পের জন্য পরিচিত ছিল। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। এবার সেই শহর সিভিল সার্ভিস প্রস্তুতির অন্যতম গন্তব্য হিসেবে উঠে আসতে চলেছে—যা দুর্গাপুরের মর্যাদায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।