নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বাই সাইকেল দিবসকে উপলক্ষ করে এবং বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পরিবেশ সংরক্ষণ, সুস্থ জীবনযাপন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বার্তা নিয়ে খেজুরীতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাইকেল র্যালি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) ফিট ইন্ডিয়া মুভমেন্টের ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আওতায় কেয়ার অব খেজুরী এবং স্টার্টআপ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ৫০০-রও বেশি সাইকেলিস্ট। এদিন সকালে খেজুরী-২ বিডিও অফিস চত্বর থেকে র্যালির সূচনা হয়। সেখান থেকে ঐতিহ্যবাহী ওল্ড হেরিটেজ পোস্ট অফিস পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করেন অংশগ্রহণকারীরা। ‘পেডাল ফর দ্য প্ল্যানেট’ এবং ‘ব্যাটল ফর প্ল্যানেট’-এর বার্তা তুলে ধরে পরিবেশবান্ধব যাতায়াত ও স্বাস্থ্য সচেতনতার প্রচার করা হয়।র্যালিতে অংশ নেন খেজুরী বিধানসভার বিধায়ক সুব্রত পাইক। তিনিও অংশগ্রহণকারীদের সঙ্গে সাইকেল চালিয়ে কর্মসূচিতে শামিল হন। উপস্থিত ছিলেন খেজুরী-২ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা, খেজুরী থানার ওসি, তালপাটি কোস্টাল থানার ওসি, বাজকুল ফরেস্ট রেঞ্জের আধিকারিক, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকবৃন্দ, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী-২ পঞ্চায়েত সমিতির ভূমি ও পূর্ত কর্মাধ্যক্ষ পবিত্র দাস, খেজুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কালিপদ দাস-সহ একাধিক জনপ্রতিনিধি। বিশেষ আকর্ষণ ছিলেন বহুরূপী শিল্পী ও সাইকেলপ্রেমী দিলীপ দাস, যিনি প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে এই কর্মসূচিতে যোগ দেন।

খেজুরী কলেজ, খেজুরী আদর্শ বিদ্যালয়, খেজুরী আদর্শ বালিকা বিদ্যালয়, কসারিয়া হাই স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা উৎসাহের সঙ্গে অংশ নেন। পাশাপাশি পূর্ব মেদিনীপুর সাইকেল সমাজের সদস্যদের উপস্থিতি র্যালিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। কর্মসূচির শেষে বাজকুল ফরেস্ট রেঞ্জ অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির সূচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান এবং পরিবেশ রক্ষার বার্তাকে সামনে রেখে মায়ের নামে বৃক্ষরোপণের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে যুব সমাজকে খেলাধুলা, সাইকেলিং এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ব বাইকেল সাইকেল দিবস উপলক্ষে খেজুরীর এই সাইকেল র্যালি পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেনঅংশগ্রহণকারীরা।
