বিদ্যাসাগরের আদর্শে শিক্ষা ও সমাজসেবার বার্তা,পাথরা হাইস্কুলে মূর্তি উন্মোচন

বিদ্যাসাগরের আদর্শে শিক্ষা ও সমাজসেবার বার্তা,পাথরা হাইস্কুলে মূর্তি উন্মোচন

নিজস্ব সংবাদদাতা :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে উন্মোচিত হল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে মূর্তির আবরণ উন্মোচন করেন হুগলির রিষড়া প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দ মহারাজ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ সিং তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিটি বিদ্যালয়কে দান করেছেন। মূর্তি প্রতিষ্ঠার যাবতীয় খরচও তিনি নিজেই বহন করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী নির্গুণানন্দ মহারাজ শিক্ষার প্রসার, নারীশিক্ষা এবং সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। উপস্থিত অন্যান্য অতিথিরাও বিদ্যাসাগরের জীবন, আদর্শ ও সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নীলকমল পাল। পাশাপাশি চুয়াডাঙ্গা হাইস্কুল, বিদ্যাসাগর বিদ্যালয় এবং গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক শুভেন্দু মণ্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং-সহ অন্যান্য বিশিষ্টজন।বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মণ্ডল, পিনাকী দাস ভৌমিক, বৈশাখী ঘোষ, শিউলি বিষই মণ্ডল, সৌরভ ঘোষ, পুষ্পেন্দু চক্রবর্তী-সহ শিক্ষক-শিক্ষিকারা। উপস্থিত অভিভাবক ও পড়ুয়াদের সামনে বক্তারা বিদ্যাসাগরের জন্মদিনের তাৎপর্য এবং তাঁর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।এদিন বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যাসাগরের জীবন ও কর্মকে কেন্দ্র করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি প্রকাশিত হয় ‘দয়ার সাগর বিদ্যাসাগর’ নামাঙ্কিত একটি দেওয়াল পত্রিকা। পড়ুয়াদের মধ্যে বিদ্যাসাগরের জীবন ও সমাজসংস্কারের ভাবনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানেই নয়, সমাজসেবামূলক কর্মসূচিতেও বিদ্যাসাগরের আদর্শকে সামনে রাখছে পাথরা হাইস্কুল। বিদ্যালয়ের উদ্যোগে শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বিদ্যাসাগরের জন্মদিনকে ঘিরে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার বার্তায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।