৪ দিনের পুলিশ হেফাজত অজিত মাইতির
সেখ ওয়ারেশ আলী:দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি। শুক্রবার ভোরে মাদপুরে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।অভিযোগকারী গোবিন্দ দাস বর্তমানে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অভিযোগ দায়েরের পর আর্থিক প্রতারণার মামলা রুজু হয়।অজিত মাইতি দীর্ঘদিন তৃণমূলের সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি পদে রয়েছেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।শুক্রবার দুপুরে তাঁকে মেদিনীপুরের সিজিএম আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে পাঁচ দিনের হেফাজত চাইলেও শুনানি শেষে বিচারক অজিত মাইতিকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালত থেকে বেরিয়ে ভ্যানে ওঠার সময় অজিত মাইতি দাবি করেন, “এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। পুলিশ প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে।”অন্যদিকে, অজিত মাইতির আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতেই অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে।