শ্রদ্ধায় স্মরণ বিদ্যাসাগর, ২০৭তম জন্মবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা :পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচির আয়োজন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। স্মৃতি-বক্তৃতা, বিদ্যাসাগর পুরস্কার প্রদান, বিদ্যাসাগর মিউজিয়াম উদ্বোধন-সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলার এই বিশিষ্ট সমাজসংস্কারক ও শিক্ষাবিদকে।এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রিডার্স পার্ক-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রকাশিত হয় ‘বিদ্যাসাগর রচনাবলী’র চতুর্থ খণ্ড এবং চারটি ভাষায় বিদ্যাসাগরের ‘শকুন্তলা’ গ্রন্থ। অনুষ্ঠানে অন্নপূর্ণা চট্টোপাধ্যায় পুরস্কারও প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য অধ্যাপক গোবর্ধন দাস, ইন্ডিয়ান মিউজিয়ামের অধিকর্তা ড. সায়ন ভট্টাচার্য এবং মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা, কলা বিভাগের ডিন অধ্যাপক অরিন্দম গুপ্ত এবং রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।বক্তব্যে উচ্চশিক্ষামন্ত্রী বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বিদ্যাসাগরের জীবন, আদর্শ ও সমাজসংস্কারের ভাবনা তুলে ধরে বলেন, কেন আজও তিনি বাঙালির কাছে আদর্শ এবং পথচলার অন্যতম পথিকৃৎ।বিদ্যাসাগর স্মৃতি-বক্তৃতায় অধ্যাপক গোবর্ধন দাস সমাজসংস্কারের পথে বিদ্যাসাগরের বাধা-বিঘ্ন অতিক্রমের লড়াই এবং তাঁর সংস্কারমূলক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যাসাগর পুরস্কার প্রদান করা হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র এবং কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। অন্নপূর্ণা চট্টোপাধ্যায় পুরস্কার পান ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক চিত্ত পণ্ডা।বিদ্যাসাগরের প্রগতিশীল চিন্তা, শিক্ষা ও সাংস্কৃতিক উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
