অভিজিৎ সাহা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন যে পোলিং এজেন্টরা বুথের ভিতরে বসে ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাতেন, এবার তাঁদের বসার জায়গা হতে পারে বুথের বাইরে—এমনই প্রস্তাব নিয়ে কমিশনের অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা।সূত্রের খবর, এই নতুন ভাবনার আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে। যদি বিদ্যমান নিয়মে এর সুযোগ থাকে, তাহলে ছাব্বিশের নির্বাচনে কার্যকর হতে পারে এই বদল। বাংলার নির্বাচনী ইতিহাসে যা একেবারেই নজিরবিহীন।বর্তমানে প্রতিটি প্রার্থী তাঁদের নিজস্ব পোলিং এজেন্ট নিয়োগ করেন, যারা বুথের ভিতরে বসে ভোটার তালিকা মিলিয়ে দেখা থেকে শুরু করে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নজর রাখার কাজ করেন। কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও, নির্বাচনকে স্বচ্ছ রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে কেন এই পরিবর্তনের ভাবনা? কমিশন সূত্রে ইঙ্গিত, ভোট প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের রদবদল—সব মিলিয়ে কড়া নজরদারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।এই পরিস্থিতিতে পোলিং এজেন্টদের বুথের বাইরে বসানোর প্রস্তাব নতুন করে রাজনৈতিক মহলে বিতর্ক উস্কে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও কমিশনের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি—পুরো বিষয়টি রয়েছে আলোচনার স্তরেই।