Skip to content

আসানসোলে মোদীর ‘বিজয় সংকল্প সভা’, তৃণমূলকে তোপে নতুন যুগের বার্তা!

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার, ৯ এপ্রিল, শিল্পাঞ্চল আসানসোলের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিশাল ‘বিজয় সংকল্প সভা’ থেকে বিজেপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনলেন প্রধানমন্ত্রী Narendra Modi। বিজেপির একাধিক প্রার্থীর সমর্থনে আয়োজিত এই জনসভায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তায় মোড়া সভায় নারী নিরাপত্তা, উন্নয়ন এবং আইনশৃঙ্খলার প্রশ্নকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। আসানসোলে তাঁর এই সভা ছিল এ দিনের তিনটি বঙ্গ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব।দ্বিতীয় জনসভায় আসানসোলে পৌঁছে প্রধানমন্ত্রী আরও চড়া সুরে তৃণমূলকে নিশানা করেন। খনি ও কলকারখানার এই শহর থেকেই তাঁর স্পষ্ট বার্তা, “আগামী ৪ মে-র পর বাংলায় এক নতুন যুগের সূচনা হবে। তৃণমূলমুক্ত বাংলাই উন্নয়নের নতুন দিশা দেখাবে।”

এই মন্তব্য ঘিরে সভামঞ্চে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।কয়লা ও বালি মাফিয়ার দাপট নিয়ে শাসক দলকে এ দিন রীতিমতো তুলোধনা করেন মোদী। তাঁর অভিযোগ, “তৃণমূলের আমলে আসানসোলে কয়লা ও বালি মাফিয়ারা মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যান্য প্রান্তে উন্নয়নের জোয়ার এলেও বাংলা পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই মাফিয়া রাজের কারণে।” শিল্পাঞ্চলের বাস্তব সমস্যাকে তুলে ধরে তিনি দাবি করেন, এই মাফিয়া-রাজই বাংলার অগ্রগতির সবচেয়ে বড় বাধা।সাম্প্রতিক মালদহের ঘটনা নিয়েও বড়সড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল পুরোপুরি দিশেহারা। মোদীর কথায়, “তৃণমূলের মাথার ঠিক নেই। মালদহে ওরা ঘাবড়ে গিয়ে বিরাট ভুল করেছে। এই ঘটনাই ওদের জঙ্গলরাজের কফিনে শেষ পেরেক হবে।”এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তৃণমূলের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। মোদীর দাবি, “তৃণমূল এতটাই ভয় পেয়েছে যে দেশের সুরক্ষা বাহিনীকেও গালি দিচ্ছে। এর জবাব বাংলার দেশভক্ত মানুষ ব্যালটেই দেবে।”ভোটের মুখে আসানসোলের এই জনসভা থেকে প্রধানমন্ত্রী যে সরাসরি মাফিয়া রাজ, নারী নিরাপত্তা, উন্নয়ন ও পরিবর্তনের বার্তা দিতে চাইলেন, তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী ৪ মে-র ফলাফলের আগে এই সভা বিজেপির প্রচারে বড় মনস্তাত্ত্বিক জোর দিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Latest