Skip to content

বিধানসভা ভোটের আগে তৃণমূল ভবনে বায়োডেটার ঢল! প্রার্থী হতে চেয়ে চিঠির বন্যা!

1 min read

অভিজিৎ সাহা : সামনেই বিধানসভা নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে আগ্রহীদের ভিড় বাড়ছে কলকাতার ইএম বাইপাসের মেট্রোপলিটনে অবস্থিত তৃণমূল ভবনে। প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়ে রেজিস্ট্রি চিঠি ও বায়োডেটা পাঠাচ্ছেন বহু নেতা-কর্মী। এমনকী অনেকেই সরাসরি তৃণমূল ভবনে এসে ড্রপ বক্সের খোঁজ করছেন বলে দলীয় সূত্রে খবর। রাজ্যে এসআইআর পর্ব ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এদিকে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের তরফেও ফেব্রুয়ারির শেষ দিকে তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে, ফলে মার্চের শুরুতেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। দলীয় সূত্রের দাবি, এবারের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল হতে পারে। অনেক সিটিং বিধায়ক টিকিট নাও পেতে পারেন, আবার কারও বিধানসভা কেন্দ্র বদলও হতে পারে। বয়স ও পারফরম্যান্স—এই দুই বিষয়কে গুরুত্ব দিয়েই প্রার্থী বাছাই হবে বলে খবর। ইতিমধ্যেই তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক একটি রিপোর্ট তৈরি করেছে, যা পৌঁছে গিয়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবদিক বিবেচনা করেই চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।

Latest