Skip to content

বিশ্বকাপ জয়ের পর ‘টম্যাটো সংবর্ধনা’! স্পেনের দুই তারকাকে নিয়ে শহরে উৎসব

নিজস্ব সংবাদদাতা :ফুটবল বিশ্বকাপ জয়ের পর ট্রফি, অর্থ পুরস্কার আর সমর্থকদের ভালোবাসা—সবই পেয়েছেন স্পেনের ফুটবলাররা। তবে দলের দুই তারকা ফুটবলার ফ্যাবিয়ান রুইজ এবং গাভি পেলেন একেবারেই অভিনব উপহার। নিজের শহরে ফিরতেই তাঁদের হাতে তুলে দেওয়া হল কেজি কেজি টম্যাটো! আসলে ফ্যাবিয়ান রুইজ় এবং গাভি দু’জনেই স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট শহর লস পালাসিয়োস ই ভিয়াফ্রাঙ্কা-র বাসিন্দা। মঙ্গলবার বিশ্বকাপ জয়ের পর তাঁরা শহরে ফিরতেই স্থানীয় প্রথা অনুযায়ী তাঁদের অভিনব সংবর্ধনা দেওয়া হয়। শহরের ঐতিহ্য মেনে দুই ফুটবলারের ওজনের সমান টম্যাটো তুলে দেওয়া হয় তাঁদের হাতে। যদিও প্রতীকীভাবে দু’জনেই টম্যাটো ভর্তি একটি করে ঝুড়ি নিয়ে ছবি তোলেন। শুধু টম্যাটো উপহার দিয়েই থেমে থাকেনি শহর কর্তৃপক্ষ। দুই বিশ্বকাপজয়ী ফুটবলারের সম্মানে এলাকার দু’টি স্টেডিয়ামের নামও বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মারিসমাস স্টেডিয়ামের নাম রাখা হবে ফ্যাবিয়ান রুইজের নামে, আর স্যান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নামকরণ করা হবে পাবলো পায়েজ গাভিরা গাভির নামে। এই শহরের সঙ্গেই গভীর সম্পর্ক রয়েছে দুই তারকার। ফ্যাবিয়ান রুইজ নিজের ফুটবলজীবন শুরু করেছিলেন স্থানীয় ক্লাব লস পালাসিয়োস সিএফ-এর হয়ে। অন্যদিকে, মাত্র ছ’বছর বয়সে গাভি যোগ দিয়েছিলেন ওই ক্লাবের যুব দল লা লিয়ারা বালোম্পিতে। বর্তমানে এই দুই দলই নিজেদের হোম ম্যাচ খেলে মারিসমাস ও স্যান সেবাস্তিয়ান স্টেডিয়ামে।এখানেই শেষ নয়। স্থানীয় সিটি কাউন্সিলের উদ্যোগে হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হবে। সেই সৌধে সম্মান জানানো হবে ফ্যাবিয়ান রুইজ, গাভি এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্থানীয় ফুটবলার জেসুস নাভাসকে

Latest