20 ডিসেম্বর ফেডারেশন নির্বাচন,কর্ণাটক ফুটবল সংস্থার হাত ধরে নির্বাচনী ময়দানে কল্যাণ চৌবে
কল্যাণ চৌবে।
নিজস্ব সংবাদদাতা: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচন ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। একের পর এক রাজ্য ফুটবল সংস্থার সমর্থন হারিয়ে নির্বাচনী লড়াইয়ে অনিশ্চয়তার মুখে পড়েছিলেন বর্তমান সভাপতি কল্যাণ চৌবে। তবে শেষ মুহূর্তে কর্ণাটক ফুটবল সংস্থার হাত ধরে নির্বাচনী ময়দানে ফেরার রাস্তা খুলে গেল তাঁর। বুধবার ইলেকটোরাল অফিসার রাজীব শর্মা 70 জনের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন, তাতে কর্ণাটকের প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবে ও এনএ হ্যারিসের নাম রয়েছে। অসুস্থতার কারণে হনিফ মহম্মদের সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় কল্যাণকে মনোনীত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচনী আধিকারিক। ফলে আগামী 20 ডিসেম্বরের এআইএফএফ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা কাটল প্রাক্তন গোলরক্ষক কল্যাণের। তবে এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার প্রধান অরবিন্দ মেনন। অরবিন্দ নিজেও ফেডারেশন সভাপতি পদে লড়তে আগ্রহী। ফলে ফেডারেশনের মসনদ দখলের লড়াইয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অন্যদিকে আছে , বাংলার ফুটবল প্রশাসক সুব্রত দত্ত । আগামী 20 ডিসেম্বরের নির্বাচন ঘিরে এখন থেকেই শুরু হয়েছে ভোটের অঙ্ক কষা। শেষ পর্যন্ত ফেডারেশনের মসনদ কার দখলে যায়, সেদিকেই তাকিয়ে দেশের ফুটবল মহল।