প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রীর বিশেষ শুভেচ্ছা, নিজের কণ্ঠে ভিডিয়ো বার্তা!
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ এই দিনে সকাল থেকেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর উদ্দেশে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। তবে সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিনব শুভেচ্ছাবার্তা বিশেষভাবে নজর কেড়েছে।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক মাধ্যম থেকে শুরু করে সরকারি স্তর—সর্বত্রই উৎসবের আবহ। বিজেপি ও রাজ্য সরকারের উদ্যোগে দেশজুড়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। বাংলাতেও দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি বিশেষ ভিডিয়ো বার্তা ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।

এদিন সকালে মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। তবে শুধুমাত্র লিখিত শুভেচ্ছাবার্তাতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের কণ্ঠে একটি বিশেষ ভিডিয়ো কোলাজ প্রকাশ করেন তিনি।ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে।
নানা সময়ের ছবি ও ঘটনাকে সম্পাদনার মাধ্যমে সাজিয়ে তৈরি করা হয়েছে এই কোলাজ। তবে ভিডিয়োটির অন্যতম আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের দেওয়া ভয়েসওভার।ভিডিয়ো বার্তায় নিজের প্রশাসনিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে তিনি যথেষ্ট স্নেহ ও সহযোগিতা পেয়েছেন।প্রধানমন্ত্রীর জন্মদিনে মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পরই তা সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।