খড়গপুরে মাদকবিরোধী অভিযানে ৭৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
অরিন্দম চক্রবর্তী:গতকাল গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ গোলবাজার আজাদবস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইফতেখার আহমেদ ওরফে সুকুবাবা এবং শেখ তাহিল হোসেন। তাঁদের বিরুদ্ধে গাঁজা মজুত রাখার অভিযোগ রয়েছে। অভিযানের সময় চারটি গাঁজাভর্তি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পাশাপাশি পালানোর চেষ্টা করা দু’জনকেও পুলিশ ধরে ফেলে।খড়গপুর মহকুমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মেনে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৭৬ কেজি ৬২০ গ্রাম। পুলিশ প্যাকেটগুলি সিল ও লেবেল করে এভিডেন্স হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি চামড়ার ব্যাগ উদ্ধার হয়েছে।ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার নির্দেশে খড়গপুর শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে। খড়্গপুর থানার আইসি অমিত মিত্রের নেতৃত্বে শহরজুড়ে লাগাতার মাদকবিরোধী অভিযান চলছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে শহরে মাদক কারবারের বিরুদ্ধে কড়া বার্তা পৌঁছেছে।