নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় সাইবার ব্ল্যাকমেলিংয়ের শিকার এক মহিলার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা সম্পূর্ণ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর থানার চড়াবাড় গ্রামের এক মহিলা অভিযোগ করেন যে, একই এলাকার এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচিত হয়ে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে তোলে। পরে কৌশলে ওই ব্যক্তি মহিলার কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এবং সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে।অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত বিভিন্ন সময়ে ভয় দেখিয়ে এবং মানসিক চাপ সৃষ্টি করে PhonePe-এর মাধ্যমে তিন দফায় মোট ৯২ হাজার টাকা আদায় করে। এরপরও আরও অর্থ দাবি করে মহিলাকে হয়রানি করা হচ্ছিল।ঘটনার পর গত ২৪ মে ২০২৬ তারিখে ভুক্তভোগী মহিলা ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ভগবানপুর থানার পুলিশ। তদন্তকারী আধিকারিক সাব-ইন্সপেক্টর দেবজিৎ মণ্ডলের নেতৃত্বে শুরু হয় অনুসন্ধান। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।পরবর্তীতে অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই সময়ে জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে অভিযুক্তের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা সম্পূর্ণ ৯২ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থ ভুক্তভোগী মহিলার হাতে ফিরিয়ে দেওয়া হবে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি ব্যক্তিগত ছবি বা তথ্য প্রকাশের হুমকি দিয়ে অর্থ দাবি করে, তাহলে ভয় না পেয়ে অবিলম্বে নিকটবর্তী থানায় বা সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছে পুলিশ