জেলা হাসপাতালের বড় সাফল্য,প্রাণ রক্ষা শিশুর!

জেলা হাসপাতালের বড় সাফল্য,প্রাণ রক্ষা শিশুর!

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : হলদিয়ার ভবানীপুর থানার এলাকা বাড়উত্তরহিংলি গ্রামের বাসিন্দা দীপক দাসের তিন বছরের মেয়ে মৌমিতা দাস। মঙ্গলবার সকালে একটি লোহার রড মুখে নিয়ে খেলছিল। আচমকা সেই রডটি তার মুখের ভিতর তালুতে গেঁথে যায়। শুরু হতে থাকে প্রবল রক্তক্ষরণ। পরিবারের লোকজন দ্রুত মৌমিতাকে নিয়ে যায় হলদিয়া মহকুমা হাসপাতালে। অবস্থা জটিল দেখে রেফার করে দেওয়া হয় তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার জেলার মেডিক্যাল কলেজে সময়মতো দ্রুত অস্ত্রোপচার করে সেই রড বের করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন অস্ত্রোচারের। প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারে পর লোহার রড বের করা হয়। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ শিবশঙ্কর দে বলেন,‘‘তিন বছরের শিশুর মুখের ভিতরের উপরিভাগে তালুতে রডটি প্রায় ১০ সেন্টিমিটার ঢুকে আটকে গিয়েছিল। টেনে বের করা সম্ভব ছিল না। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সাফল্যের সঙ্গে লোহার রড বের করা গিয়েছে। শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। একটি জেলার হাসপাতালের ক্ষেত্রে এটা খুবই বড় সাফল্য।’’