বাজারদর নিয়ন্ত্রণে মেদিনীপুরে জেলা প্রশাসনের অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপণ্যের দাম!
সেখ ওয়ারেশ আলী : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে এবার সক্রিয় হল জেলা প্রশাসন। ২৫শে আগস্ট মঙ্গলবার মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নিত্যপণ্যের দাম খতিয়ে দেখলেন প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিকরা।অভিযানের সময় কাঁচা সবজি, চাল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছ থেকেও বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের তুলনায় কোনও পণ্যের জন্য অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের মধ্যে থেকেই পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।অভিযানে উপস্থিত মেদিনীপুর সদর মহকুমা শাসক মহম্মদ মারগুব ইলমি জানান, প্রাথমিকভাবে দেখা গিয়েছে, বাজারে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রয়মূল্য সরকার নির্ধারিত দামের আশপাশেই রয়েছে।

তবে শুধু খুচরো বাজারেই নজরদারি সীমাবদ্ধ থাকবে না।মহকুমা শাসকের বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী দিনে পাইকারি বাজারেও নজরদারি চালানো হবে। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের বাজারদর ও সরবরাহ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবে প্রশাসন।প্রশাসনের দাবি, বাজারে অযথা মূল্যবৃদ্ধি রুখে সাধারণ মানুষের উপর নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাড়তি দামের চাপ কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। আগামী দিনেও বিভিন্ন বাজারে এই ধরনের নজরদারি ও অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।