বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতায় মুখর নিজকসবা বিট অফিসে অরণ্য সপ্তাহ উদযাপন!

বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতায় মুখর নিজকসবা বিট অফিসে অরণ্য সপ্তাহ উদযাপন!

নিজস্ব সংবাদদাতা : অরণ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পূর্ব মেদিনীপুরের বাজকুল ফরেস্ট রেঞ্জের উদ্যোগে খেজুরীর নিজকসবা বিট অফিসে বর্ণাঢ্য বনমহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘কেয়ার অফ খেজুরী’। ম্যাসকট ‘রুদ্র’ ও ‘কিরণ’-কে নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বৃক্ষরোপণের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরীর বিধায়ক সুব্রত পাইক, খেজুরী–২ ব্লকের বিডিও, বাজকুল ফরেস্ট রেঞ্জ অফিসার, পঞ্চায়েত প্রতিনিধিসহ বন দপ্তরের আধিকারিকরা। দিনভর টি-শার্ট চিত্রাঙ্কন, ছদ্মবেশ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিড বল (Seed Ball) তৈরির মতো কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষা, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার আহ্বান জানান। বন দপ্তর, প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।