অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার
নিজস্ব সংবাদদাতা: আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শুক্রবার একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে, নর্থইস্ট ইউনাইটেড বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচের মাধ্যমে টেলিভিশনে আইএসএল সম্প্রচার শুরু হচ্ছে। অর্থাৎ এবার থেকে প্রতিটি ম্যাচই টিভির পর্দায় দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ফলে শুধু মোবাইল বা ইন্টারনেটের উপর নির্ভর করতে হবে না সমর্থকদের।অন্যদিকে, শুক্রবার থেকেই শুরু হয়েছে আইএফএল। এই প্রতিযোগিতার সমস্ত ম্যাচ সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টসে। পাশাপাশি বাছাই করা কয়েকটি ম্যাচ দেখা যাবে জি স্পোর্টসের চ্যানেল ইউনাইট৮ স্পোর্টসে। এই সম্প্রচারের জন্য ফেডারেশনের সঙ্গে প্রসার ভারতী এবং জি স্পোর্টসের চুক্তি সম্পন্ন হয়েছে।শুধু টেলিভিশনেই নয়, ডিজিটাল মাধ্যমেও আইএফএল দেখার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে ZEE5 অ্যাপ এবং প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘WAVES’-এ। এছাড়াও ইউনাইট৮ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে বিনামূল্যে প্রতিটি ম্যাচের লাইভ সম্প্রচার উপভোগ করতে পারবেন দর্শকরা।উল্লেখ্য, গত ১০ অক্টোবর শুরু হয়েছিল এবারের আইএসএল। কিন্তু প্রতিযোগিতা শুরু হলেও প্রথম দিন থেকেই টেলিভিশনে ম্যাচ সম্প্রচার করা সম্ভব হয়নি। পরদিন আয়োজকদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আপাতত ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখা যাবে। টেলিভিশনে সম্প্রচার শুরু করার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়েছিল।আইএসএল সম্প্রচারের স্বত্ব নিয়ে প্রথমে জি স্পোর্টস এবং জিয়োস্টারের মতো সংস্থার সঙ্গে আলোচনা চললেও শেষ পর্যন্ত সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে চুক্তি হয়। তবে টেলিভিশনে সম্প্রচারের ক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রয়োজনীয় অনুমতি না মেলায় তৈরি হয় জটিলতা। সাধারণত এই অনুমতি পেতে দু-তিন দিন সময় লাগলেও এবার বিভিন্ন কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়।অবশেষে সেই প্রশাসনিক জট কাটিয়ে টিভিতে আইএসএল সম্প্রচার শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। একই সঙ্গে আইএফএল সম্প্রচারের ব্যবস্থাও চূড়ান্ত হওয়ায় দেশের ফুটবল দর্শকদের কাছে আরও সহজলভ্য হতে চলেছে দুই প্রতিযোগিতার ম্যাচ।