অরিন্দম চক্রবর্তী : খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে দিলীপ ঘোষ-এর। প্রার্থী ঘোষণার পরদিন, বুধবার (১৮ মার্চ) খড়গপুরে পৌঁছে সরাসরি জনসংযোগে নেমে পড়লেন তিনি।খড়গপুর শহরের চৌরঙ্গী এলাকা থেকে শুরু হয় দলীয় কর্মী-সমর্থকদের বিশাল মোটরবাইক র্যালি।

সেখান থেকে র্যালি এগিয়ে যায় গোলবাজারের রাম মন্দির-এ, যেখানে প্রার্থীকে নিয়ে যাওয়া হয় জোরালো শোভাযাত্রার মধ্য দিয়ে। এদিনও দেখা গেল পুরনো চেনা ছবি—নিজেই বুলেট চালিয়ে র্যালির নেতৃত্ব দেন দিলীপ ঘোষ।মন্দিরে পুজো দেওয়ার পর তিনি রওনা দেন খরিদা সোলাপুরী মাতা মন্দির-এর উদ্দেশ্যে। তবে এদিন তাঁর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গি খুব একটা চোখে পড়েনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন, “এখানে জোরদার লড়াই হবে। বিজেপি এগিয়ে আছে, এগিয়েই থাকবে।”ভোটের আগে খড়গপুরে তাঁর এই শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা।