Skip to content

মোথাবাড়ি কাণ্ডে তীব্র চাঞ্চল্য: বিচারক অবরুদ্ধ ঘটনায় গ্রেপ্তার আইএসএফ প্রার্থী, ধৃত আরও ১৮!

অভিজিৎ সাহা:  মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও ও দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের রাতভর অভিযানে পুলিশের জালে ধরা পড়েছেন মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৮ জনকে।পুলিশ সূত্রে খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ক্ষোভ জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বিডিও অফিসে ঢুকে সেখানে উপস্থিত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মোট সাতজন জুডিশিয়াল অফিসারকে কয়েক ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়।পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গভীর রাতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে অবরুদ্ধ বিচারকদের উদ্ধার করে। প্রায় সাড়ে সাত ঘণ্টা পর তাঁদের মুক্ত করা সম্ভব হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest