Skip to content

‘GOAT’ ট্যুর বিতর্কে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

অভিজিৎ সাহা: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ক্রীড়া উদ্যোগপতি এবং লিওনেল মেসি-র ‘GOAT’ ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। ২০২৫ সালের ডিসেম্বরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় ৩৮ দিন জেলেও থাকতে হয়েছিল তাঁকে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার সরাসরি অভিযোগ দায়ের করলেন তিনি।অরূপ বিশ্বাসের পাশাপাশি রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমার-এর বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন শতদ্রু। এছাড়াও অভিযোগের তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস, আইএএস শান্তনু বসু-সহ আরও কয়েকজন।অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতদ্রু দত্ত দাবি করেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার জন্য মূলত দায়ী ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার দিকেও আঙুল তোলেন তিনি।শতদ্রুর অভিযোগ, “অরূপ বিশ্বাস জোর করে আমার কাছ থেকে ২০-২২ হাজার টিকিট নিয়েছিলেন। পরে আরও প্রায় পাঁচ হাজার জনের জন্য অ্যাকসেস কার্ড দেওয়ার চাপ সৃষ্টি করা হয়। জুঁই বিশ্বাসও আমাকে পরোক্ষভাবে হুমকি দেন মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। আমি রাজি না হওয়ায় পরে মন্ত্রীর প্রভাব খাটিয়ে মেসির সঙ্গে ছবি তোলা হয়।”তিনি আরও দাবি করেন, মেসির ইভেন্টের নির্ধারিত শো-ফ্লোতে অরূপ বিশ্বাস বা তাঁর পরিবারের সদস্যদের ছবি তোলার কোনও পরিকল্পনা ছিল না। অতিরিক্ত লোক প্রবেশ করায় টিকিট কেটে আসা বহু দর্শক মেসিকে দেখতে পাননি বলেও অভিযোগ করেন তিনি।শতদ্রু দত্ত জানান, অ্যাকসেস কার্ড দিতে অস্বীকার করায় তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হয়েছিল। ভবিষ্যতে আরও কয়েকজন আমলা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও জানিয়েছেন তিনি।

Latest