Skip to content

ফুটবল জ্বরে কাঁপছে মেদিনীপুর! বড় স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখাতে প্রশাসনের জোর প্রস্তুতি

সেখ ওয়ারেশ আলী: ফুটবল বিশ্বজুড়ে উন্মাদনার পারদ এখন তুঙ্গে। আগামী ২০ জুলাই গভীর রাত সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল, যেখানে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—হাজার হাজার ফুটবলপ্রেমী যেন একসঙ্গে উৎসবের আবহে বসে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ফাইনাল উপভোগ করতে পারেন।

এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর গুছাইত মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি বড় পর্দা স্থাপনের সম্ভাব্য স্থান, দর্শকদের বসার ব্যবস্থা, প্রবেশ ও বেরোনোর পথ, নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনি নির্দেশ দেন, যাতে দর্শকদের কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। বিশেষ করে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর উপস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক উৎসবের পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে একত্রে বসে বিশ্বকাপের রুদ্ধশ্বাস লড়াই উপভোগ করার এই সুযোগকে ঘিরে ইতিমধ্যেই ফুটবল অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

Latest