Skip to content

যুবশক্তিকে সঙ্গে নিয়ে স্বচ্ছ পঞ্চায়েত গঠনের ডাক—পূর্ব মেদিনীপুরে ‘মডেল যুব গ্রাম সভা’ সফল আয়োজন!

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ প্রশাসনকে আরও স্বচ্ছ, শক্তিশালী ও অংশগ্রহণমূলক করে তুলতে বড় উদ্যোগ নিল কেন্দ্র। Ministry of Panchayati Raj এবং MY Bharat-এর যৌথ উদ্যোগে ‘জাতীয় পঞ্চায়েত রাজ দিবস’ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় ‘মডেল যুব গ্রাম সভা’। তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে পূর্ব মেদিনীপুরে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।Care of Khejuri-এর ব্যবস্থাপনায় এবং ‘মাই ভারত’-এর পূর্ব মেদিনীপুর জেলা ইউনিটের সহযোগিতায় আয়োজিত এই সভায় খেজুরী ও নন্দীগ্রাম এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

মূল লক্ষ্য ছিল—যুবসমাজকে পঞ্চায়েত ব্যবস্থার কার্যপ্রণালী সম্পর্কে সচেতন করা এবং ভবিষ্যতে একটি আদর্শ গ্রাম সভা গড়ে তোলার পথে তাদের সক্রিয় অংশীদার করে তোলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাপাই দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন খেজুরী কলেজের একাধিক বিশিষ্ট শিক্ষাবিদ—ডঃ গৌতম দণ্ডপাট, ডঃ রণজিৎ সেনগুপ্ত, ডঃ বিবেকানন্দ মাইতি, ডঃ কুন্তল ঠাকুর এবং প্রিয়াঙ্কা গুপ্ত।সমগ্র কর্মসূচির সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নেন সংস্থার সভাপতি তথা সমাজসেবী শুভ্রজিৎ পন্ডা।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সৌম্যজ্যোতি দাস, টিয়া পাহাড়ী ও শ্রাবণী দাস। এছাড়াও ‘মাই ভারত’-এর খেজুরী ব্লকের স্বেচ্ছাসেবীরাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা জানান, এই ধরনের উদ্যোগ যুবসমাজকে শুধু প্রশাসনিক কাঠামো সম্পর্কে সচেতনই করে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের পথও সুগম করে। খেজুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গৌতম দণ্ডপাট অংশগ্রহণকারীদের ভবিষ্যতে সরাসরি পঞ্চায়েত সভায় যুক্ত হওয়ার আহ্বান জানান।এই উদ্যোগ নিঃসন্দেহে গ্রামীণ উন্নয়ন ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Latest