অরিন্দম চক্রবর্তী : টানা পঞ্চম বছরের জন্য খড়গপুরের ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট–১), রশ্মি গ্রুপের পক্ষ থেকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের আওতায় মেদিনীপুর জেলা ক্রীড়া উন্নয়ন একাডেমি (খড়গপুর ইউনিট) আয়োজিত লীগ-কাম-নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির উদ্যোগে গত আড়াই মাস ধরে নিমপুরার প্রান্তিক মাঠে অনুষ্ঠিত হল এ ডিভিশন ও সুপার ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘদিনের এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু দল অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় ফাইনাল ম্যাচগুলি।এ ডিভিশনের প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশ নেয়।

তমলুক, সবং, হিরাডি, ইন্দা, ভালুকসাই, মানিকপাড়া, বেনাচালি ও গড়বেতা সহ জেলার বিভিন্ন এলাকা থেকে দলগুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গড়বেতা স্পোর্টিং ক্লাব ও মানিকপাড়া বিবেকানন্দ স্কুল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ গোলে জয় তুলে নিয়ে এ ডিভিশনের চ্যাম্পিয়ন হয় মানিকপাড়া বিবেকানন্দ স্কুল।

ফাইনাল ম্যাচের দিন উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অমিয় ভট্টাচার্য, মন্টি বাড়ি, রশ্মি মেটালিকসের ডেপুটি ম্যানেজার তপন নাথ, নটোবর ভিসওয়াল এবং কাউন্সিলর সি এইচ বিষ্ণু প্রসাদ।এই বিভাগে মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে মুখোমুখি হয় ইন্দা নিশান ক্লাব ও মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব। শেষ পর্যন্ত ২–০ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর পুলিশ অ্যাথলেটিক ক্লাব।সুপার ডিভিশনে টপ স্কোরারের পুরস্কার পান মেদিনীপুরের সৌরভ ফ্রান্সিস বিশ্বাস (সোনাই)।

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর আম্পায়ার ও রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল জানা এবং নিমপুরা ফাঁড়ির ইনচার্জ সৌমিত্র রজক।

টুর্নামেন্টের বিজয়ী দলকে নগদ ১১ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে ৯ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় বলে জানান মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির খড়্গপুর শাখার সভাপতি অনিতবরণ মণ্ডল, সাধারণ সম্পাদক অমল মজুমদার এবং অফিস সম্পাদক অমিতেশ কুণ্ডু। আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা জেলার ফুটবল প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।