খড়গপুর পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিজেপির বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি; উত্তপ্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন!

খড়গপুর পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিজেপির বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি; উত্তপ্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন!

অরিন্দম চক্রবর্তী : চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সোমবার, ১২ অক্টোবর, রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছলে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরদের গাড়ি আটকে দেওয়া ও ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।সম্প্রতি প্রাক্তন পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর। সোমবার নতুন চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল।

সেই নির্বাচনকে ঘিরেই সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। বিজেপির কর্মী-সমর্থকেরা পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কাউকে পুরসভার চেয়ারম্যান পদে বসতে দেওয়া হবে না।বিক্ষোভের জেরে পুরসভার সামনের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী। পুরসভার গেট খোলার চেষ্টা হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। টিঙ্কু যাদব-সহ একাধিক বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।এদিকে, পুরসভায় ঢোকার সময় তৃণমূল কাউন্সিলরদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। পুরসভার গেটের বাইরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও সামনে এসেছে। এই ঘটনার পর আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।কেন এই সংঘাত? খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ ঘিরে তৃণমূলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে কল্যাণী ঘোষকে ওই পদে বসানো হয়েছিল। এবার কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সেই প্রস্তাবকে কেন্দ্র করেই নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।উল্লেখ্য, খড়গপুর পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ২৪টি, বিজেপির ৬টি, কংগ্রেসের ৪টি এবং সিপিএমের ১টি ওয়ার্ড রয়েছে। এই পরিস্থিতিতে চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।ঘটনার জেরে পুরসভা চত্বর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n