Skip to content

বিধানসভা ভোটের আবহে ভোটকর্মীদের বড় সুখবর, ভাতা ও খাবার খরচে নজিরবিহীন বৃদ্ধি কমিশনের!

নিজস্ব সংবাদদাতা : রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে ভোটকর্মীদের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং কর্মী, কাউন্টিং স্টাফ, মাইক্রো অবজার্ভার থেকে সিএপিএফ আধিকারিক—প্রায় সব স্তরেই ভাতা ও পারিশ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পর এই সংশোধনকে ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে।কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজারদের দৈনিক ভাতা ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। পোলিং অফিসারদের ক্ষেত্রে তা ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০০ টাকা। একইভাবে কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ভাতা ২৫০ থেকে ৪৫০ টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের ২০০ থেকে ৩৫০ টাকা করা হয়েছে।

শুধু তাই নয়, ভিডিও নজরদারি, অ্যাকাউন্টিং টিম, কল সেন্টার, ফ্লাইং স্কোয়াড, মনিটরিং সেল-সহ বিভিন্ন বিশেষ দায়িত্বে থাকা কর্মীদের এককালীন ভাতাও বড়সড় বৃদ্ধি করা হয়েছে। যেখানে আগে ১,০০০ থেকে ১,২০০ টাকা দেওয়া হত, সেখানে এখন দায়িত্ব অনুযায়ী ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত মিলবে। মাইক্রো অবজার্ভারদের দৈনিক ভাতা সরাসরি ১,০০০ থেকে ২,০০০ টাকায় উন্নীত হয়েছে।সিএপিএফ ও অন্যান্য আধিকারিকদের ক্ষেত্রেও বৃদ্ধি হয়েছে। ১৫ দিনের কম ডিউটিতে থাকা গেজেটেড অফিসারদের ভাতা ২,৫০০ টাকা থেকে বেড়ে ৪,০০০ টাকা, আর ১৫ দিনের বেশি হলে সাপ্তাহিক ভাতা ১,২৫০ থেকে ২,০০০ টাকা করা হয়েছে। সাব-অর্ডিনেট অফিসার ও কনস্টেবল স্তরেও একই হারে বৃদ্ধি হয়েছে। কনস্টেবলদের ক্ষেত্রে ১৫ দিনের কম ডিউটিতে ভাতা ১,৫০০ থেকে ২,৫০০ টাকায় পৌঁছেছে।সবচেয়ে বড় স্বস্তি এসেছে খাবার ভাতায়। পোলিং ও কাউন্টিং ডিউটিতে থাকা কর্মীদের খাবার বাবদ আগে যেখানে ১৫০ টাকা মিলত, এখন তা প্রতিদিন ৫০০ টাকা করা হয়েছে। ভোটের দীর্ঘ ও চাপপূর্ণ দায়িত্বে এই বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কর্মীরা।এছাড়া ডেপুটি ডিইওদের জন্য নতুন নিয়মে মাসিক বেসিক বেতনের সমপরিমাণ ভাতা নির্ধারণ করা হয়েছে। সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটের সময় কর্মীদের দীর্ঘক্ষণ কঠিন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই ভাতা বৃদ্ধি, যাতে কর্মীরা আরও উৎসাহ ও স্বস্তির সঙ্গে দায়িত্ব সামলাতে পারেন।

Latest