দিঘায় বড় পরিবর্তন! ওল্ড দিঘা থেকে সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’ লোগো!

দিঘায় বড় পরিবর্তন! ওল্ড দিঘা থেকে সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’ লোগো!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘায় স্থাপিত ‘বিশ্ব বাংলা’ লোগো অপসারণের কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে ওল্ড দিঘার ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় থাকা এই লোগোটি সরানোর প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দিঘার সৌন্দর্যবর্ধন ও পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘বিশ্ব বাংলা’ লোগো স্থাপন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এই লোগো পর্যটকদের কাছে একটি পরিচিত আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে আসছিল এবং বহু পর্যটক এখানে ছবি তুলতে ভিড় জমাতেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রতীকী চিহ্ন নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে ওল্ড দিঘার ১ নম্বর গেটের সামনে থাকা ‘বিশ্ব বাংলা’ লোগো অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।তবে বর্তমানে শুধুমাত্র ওই নির্দিষ্ট লোগোটিই সরানো হচ্ছে। দিঘার অন্যান্য এলাকায় থাকা ‘বিশ্ব বাংলা’ লোগোগুলির ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটন মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। আগামী দিনে প্রশাসনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে দিঘার অন্যান্য অংশে স্থাপিত অনুরূপ লোগোগুলির ভবিষ্যৎ।