Skip to content

অনাস্থায় উলটপুরাণ! এগরা–২ পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা হারাল তৃণমূল, বোর্ডে বিজেপি!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার এগরা–২ পঞ্চায়েত সমিতিতে বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী থাকল । অনাস্থা প্রস্তাবের ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল কংগ্রেসের হাত থেকে পঞ্চায়েত সমিতির বোর্ডের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অনাস্থা বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই এগরা–২ ব্লক প্রশাসনিক চত্বরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিধি অনুযায়ী পঞ্চায়েত সমিতির সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সাংসদ, বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৪ সদস্যবিশিষ্ট এগরা–২ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দুই দলই ১২টি করে আসন পেয়েছিল। সমসংখ্যক আসনের পরিস্থিতিতে সাংসদ ও বিধায়কদের ভোটের সমীকরণে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে সক্ষম হয়েছিল।

পরবর্তীতে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসায় সেই বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে মোট ২০টি ভোট পড়ে। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং তৃণমূল পরিচালিত বোর্ডের পতন ঘটে। এরপর বিজেপি পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ গ্রহণ করে।বিজেপির পক্ষে এদিন উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী এবং সাংসদ জুন মালিয়া। বোর্ড দখলের পর বিজেপি নেতৃত্বের দাবি, এগরা–২ ব্লকের মানুষ উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে এই পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণ হারানোকে তৃণমূল কংগ্রেসের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। বিশেষ করে জেলার সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণে এই পরিবর্তন আগামী দিনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

Latest