নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং কাঁথি পৌরসভা ও কাঁথি মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার, ৫ জুন ২০২৬-এ আয়োজিত হলো “একটি গাছ মায়ের নামে” শীর্ষক বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা। পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকদের মতে, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ সংরক্ষণে প্রত্যেক মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ কুমার দাস,কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয় কর্মসূচির। আয়োজকদের বক্তব্য, ব্যক্তিগত সচেতনতা থেকেই বড় পরিবর্তনের সূচনা সম্ভব। তাই সকলের উচিত বেশি করে গাছ লাগানো, পরিবেশ রক্ষায় এগিয়ে আসা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও সুন্দর পৃথিবী গড়ে তোলা।