বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!
নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর মানবেন্দ্রনাথ পাল, ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কাজল বর্মা, ভগবানপুর-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কিতা উপাধ্যায় এবং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকরা। পাশাপাশি ভগবানপুর-২ ব্লকের ৬৫টি দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। ভূপতিনগর থানার সমস্ত পুলিশ আধিকারিক, পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নিজের সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটি এবং সাধারণ নাগরিকদের বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্যে বিজয়া সম্মিলনীর তাৎপর্য ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন।পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। সব মিলিয়ে বিজয়ার আবহে ভূপতিনগর থানার এই আয়োজন হয়ে উঠেছিল প্রশাসন ও সাধারণ মানুষের এক আন্তরিক মিলনমেলা।