রাতভর তল্লাশির পর মিলল রোহনের দেহ, বল কুড়োতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু

রাতভর তল্লাশির পর মিলল রোহনের দেহ, বল কুড়োতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু
রোহন মাইতি

প্রশান্ত দাস:ফুটবল খেলতে গিয়ে মাঠের পাশের ঝিলে পড়ে যায় বল। সেই বল কুড়োতে জলে ঝাঁপ দিয়েই তলিয়ে গেল ১৫ বছরের এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে মহিষাদল রাজ গ্রাউন্ড সংলগ্ন ঝিলে এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত কিশোরের নাম রোহন মাইতি। সে নবম শ্রেণির ছাত্র। বাড়ি চণ্ডীপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহনবাগান ফ্যান ক্লাবের উদ্যোগে মহিষাদলে চলছে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মহিষাদলের ইংরেজি মাধ্যম স্কুল এপেক্স অ্যাকাডেমি। বৃহস্পতিবার দুপুরে প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে স্কুলের পড়ুয়ারা রাজ গ্রাউন্ডে ফুটবল অনুশীলন করছিল।সেই সময় আচমকাই একটি ফুটবল মাঠের পাশে থাকা ঝিলে পড়ে যায়। বলটি কুড়িয়ে আনতে জলে ঝাঁপ দেয় রোহন। কিন্তু জলে নামার পরই তলিয়ে যায় সে। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের চেষ্টা শুরু করেন।প্রথমে মাছ ধরার জাল ফেলে ঝিলে তল্লাশি চালানো হয়। প্রায় দু’ঘণ্টা ধরে খোঁজ চালিয়েও রোহনের কোনও সন্ধান না মেলায় খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। পরে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। সিভিল ডিফেন্সের কর্মী, ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে শুরু হয় জোরদার উদ্ধার অভিযান।নিখোঁজ কিশোরের সন্ধানে বৃহস্পতিবার রাতভর ঝিলে তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার সকাল প্রায় ৯টা নাগাদ ঝিল থেকে রোহন মাইতির দেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।এরপর দ্রুত রোহনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ১৫ বছরের কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা এবং গোটা এলাকায়।একটি ফুটবল কুড়িয়ে আনতে গিয়েই যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতেই পারছেন না রোহনের পরিবার ও পরিচিতরা। ঘটনাকে কেন্দ্র করে মহিষাদল এলাকায় নেমে এসেছে গভীর শোকের পরিবেশ।