১০ দিনেও,হড়পা বানে নিখোঁজ স্বপন সিনহার খোঁজ নেই, ডিএনএ পরীক্ষায় রক্ত দিলেন ছেলে!

১০ দিনেও,হড়পা বানে নিখোঁজ স্বপন সিনহার খোঁজ নেই, ডিএনএ পরীক্ষায় রক্ত দিলেন ছেলে!
ছবি-ডিএনএ পরীক্ষার নমুনা দেয়ার পর নিখোঁজ স্বপন সিনহার ছেলে অর্ণব এবং দাদা মিলন সিনহা।

অরিন্দম চক্রবর্তী:নেপালে ভয়াবহ হড়পা বানের পর প্রায় ১০ দিন কেটে গেলেও এখনও কোনও সন্ধান নেই পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন রেলকর্মী স্বপন সিনহার। প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের। এরই মধ্যে নিখোঁজ স্বপনবাবুর পরিচয় শনাক্তকরণের সম্ভাবনা খতিয়ে দেখতে ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিলেন তাঁর ছেলে অর্ণব সিনহা।ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করার পর প্রশাসনের সহযোগিতায় খড়গপুর মহকুমা হাসপাতালে গিয়ে রক্তের নমুনা দেন অর্ণব। নেপাল থেকে এখনও কোনও নিশ্চিত খবর না আসায় উদ্বেগ আরও বাড়ছে পরিবারের মধ্যে।এই কঠিন পরিস্থিতিতে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন স্বপন সিনহার স্ত্রী সোনালী সিনহা। তিনি কুচলাতাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। পরিবারের সদস্যরা কার্যত জোর করেই তাঁকে মাঝে মাঝে স্কুলে নিয়ে যাচ্ছেন। ছোট ছোট পড়ুয়াদের মাঝে থাকলে হয়তো কিছুটা হলেও তাঁর মন অন্যদিকে থাকবে—এই আশাতেই পরিবারের এমন উদ্যোগ।একদিকে ছেলে অর্ণব ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিলেন, অন্যদিকে স্বামীর ফিরে আসার আশায় এখনও দিন গুনছেন সোনালী দেবী। আশা ও আশঙ্কার এই টানাপোড়েনের মধ্যেই বাস্তব পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলেছে গোটা পরিবার।পরিবারের সদস্যদের কথায়, নেপাল থেকে স্বপন সিনহার কোনও খবর না আসা পর্যন্ত এই অপেক্ষার অবসান হচ্ছে না। প্রতিটি ফোনকল, প্রতিটি খবরের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা—হয়তো কোনও এক মুহূর্তে মিলবে স্বপনবাবুর সন্ধান।