ঘাটালে জলযন্ত্রণা,২১ স্কুলে বন্ধ পঠন-পাঠন,স্কুলের ভিতরেই সাপ!

ঘাটালে জলযন্ত্রণা,২১ স্কুলে বন্ধ পঠন-পাঠন,স্কুলের ভিতরেই সাপ!

নিজস্ব সংবাদদাতা : একনাগাড়ে বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ায় বাড়ছে ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর। ফলে ঘাটাল ব্লক ও পুরসভার একাধিক এলাকা জলমগ্ন। রাস্তা-ঘাটের পাশাপাশি জলের তলায় চলে গিয়েছে স্কুল ও দুর্গাপুজোর মণ্ডপ।ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সূত্রে খবর, পুর এলাকার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয় ও একটি জুনিয়র হাইস্কুলে পঠন-পাঠন বন্ধ। কোথাও ক্লাসরুমে জল, কোথাও বেঞ্চ-টেবিল ডুবে রয়েছে। ঘাটাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকার যোগদা সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্কুলের ক্লাসরুমের ভিতরে জল জমে রয়েছে। সেই জলের মধ্যেই সাপ ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। ফলে পড়ুয়াদের স্কুলে পাঠানো নিয়ে চরম আতঙ্কে অভিভাবকেরা।অন্যদিকে, পুজোর আগে মণ্ডপ তৈরির কাজও ব্যাহত হচ্ছে। চাউলী এলাকায় জলের মধ্যেই চলছে মণ্ডপ তৈরির কাজ। বহু এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা। পানীয় জল সংগ্রহেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই ঘাটালকে এই জলযন্ত্রণার মুখে পড়তে হয়। তাঁদের দাবি, দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেই দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি মিলবে।বিজেপি বিধায়কের দাবি,"গত ১৫ বছর ধরে তৃণমূল মাস্টার প্ল্যানের নাম করে টাকা তছরূপ করেছে আর তাই এই ভোগান্তি। তবে একটু সময় দিলে আমরা আস্তে আস্তে সব করে দেব, ভোগান্তি কমবে ঘাটাল বাসীর।"