শালবনী জমি কাণ্ডে নয়া মোড়, পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের

শালবনী জমি কাণ্ডে নয়া মোড়, পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের

সেখ ওয়ারেশ আলী: শালবনী জমি কেলেঙ্কারি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ার পরই তদন্তে নয়া মোড়। এবার মামলার অন্যতম অভিযুক্ত সুমিত রায়কে কাস্টডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিআইডি। সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি এখনও বিচারাধীন থাকায় আদালতের কাছে অনুমতি চেয়েছিল তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।সিআইডির পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতের অনুমতি মেলায় এবার তাঁর বিরুদ্ধে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি।আদালত সূত্রে জানা গিয়েছে, পরবর্তী পর্যায়ে সুমিত রায়ের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই মামলায় জমা পড়া চার্জশিটে মোট ৯টি ধারা উল্লেখ করা হয়েছে। জালিয়াতি, সরকারি সম্পত্তি তছরুপ, জুডিশিয়াল স্ট্যাম্প ও ভূমি দপ্তরের সিল-সহ একাধিক সরকারি নথি নকল করে প্রতারণার অভিযোগে বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।অন্যদিকে, মামলার অন্যতম দুই পলাতক অভিযুক্ত কৈলাস আগরওয়াল ও শারফুদ্দিন খানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের গ্রেপ্তারের জন্য তদন্তকারী সংস্থাকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।এদিকে, মামলার আরেক গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর মেদিনীপুর আদালতে সুজয় হাজরাকে প্রোডাকশন করা হবে বলে জানা গিয়েছে।প্রথম চার্জশিট জমা পড়ার পরই শালবনী জমি কেলেঙ্কারি মামলায় তদন্তের গতি বেড়েছে। এবার সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়ায় তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশও মামলায় তদন্তের চাপ আরও বাড়িয়ে দিল।