অভিজিৎ সাহা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে। প্রশাসনিক ও কারিগরি কাজের চাপের কারণে তালিকা প্রকাশের সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে বলে সূত্রের খবর।
প্রথমে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও সংশোধনের কাজ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে ২১ ফেব্রুয়ারি করার সম্ভাবনা তৈরি হয়। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, প্রয়োজন হলে তারিখ আরও কিছুটা পিছোতে পারে। ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যাচাই-বাছাই প্রক্রিয়ায়।
এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তৎপরতা। সূত্রের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের শীর্ষ নেতাদের বুথভিত্তিক সংগঠন মজবুত করার নির্দেশ দিয়েছে। শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্বকে জানানো হয়েছে, নিচুতলার কর্মীদের সক্রিয় করতে নিয়মিত জনসংযোগ বাড়াতে হবে। বিধায়কদের প্রতিদিন অন্তত পাঁচটি বুথে সশরীরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা প্রকাশের আগে সংগঠনকে চাঙ্গা রাখতেই এই রণকৌশল নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই বুথভিত্তিক কর্মসূচি শেষ করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরিই তাদের মূল লক্ষ্য। তাই সময়সীমা বাড়ানো হলেও প্রক্রিয়ায় কোনও তাড়াহুড়ো করা হচ্ছে না। এখন নজর আগামী ঘোষণার দিকে—চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নির্বাচনী প্রস্তুতি আরও গতি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।