অভিজিৎ সাহা: দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি পেলেন উদ্যোক্তা তনয় শাস্ত্রী। বনগাঁর বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া পুলিশি মামলা-সহ সমস্ত মামলাতেই বুধবার জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে জামিন পেয়েছেন বাকি দুই অভিযুক্তও। জামিন মিলতেই বাড়ি ফিরলেন তনয়। উল্লেখ্য,গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ২৯ জানুয়ারি তনয় শাস্ত্রীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারের সময় সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগ ওঠে তনয়, তাঁর ছেলে এবং এক প্রতিবেশীর বিরুদ্ধে। ফলে মূল অভিযোগের পাশাপাশি আরও একটি পৃথক মামলা দায়ের করা হয়, যা মামলাকে আরও জটিল করে তোলে। এর আগে অভিনেত্রীর দায়ের করা মূল মামলায় গত শনিবার জামিন পেলেও পুলিশি মামলায় রেহাই না মেলায় হাজতে থাকতে হয়েছিল তনয়কে। অবশেষে বুধবার বিচারক সব মামলায় জামিন মঞ্জুর করায় আইনি জট কাটল। জামিনের পর সংবাদমাধ্যমকে তনয় শাস্ত্রী বলেন, “আইনের উপর আস্থা ছিল। জামিন পেয়ে বাড়ি যাচ্ছি। যেমন মানসিকভাবে স্ট্রং ছিলাম, এখনও তেমনই আছি।” যদিও এই বিষয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী আপাতত কোনও মন্তব্য করতে চাননি।
বনগাঁকাণ্ডে সব মামলায় জামিন তনয় শাস্ত্রীর,নীরব মিমি!