নিজস্ব সংবাদদাতা : টানা ট্রেন বিলম্ব এবং দুর্বল রেল পরিষেবার বিরুদ্ধে টাটানগর স্টেশনে চলতে থাকা অবস্থান বিক্ষোভে সোমবার নতুন মাত্রা যোগ করলেন বিধায়ক Saryu Roy। তাঁর উপস্থিতিতে স্টেশন চত্বরে মুহূর্তে ভিড় কয়েকগুণ বেড়ে যায়, স্লোগান আরও জোরালো হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যায়। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ যেন একসঙ্গে বিস্ফোরিত হয়।অভিযোগ, টাটানগর–চক্রধরপুর সেকশনে গত দু’ থেকে আড়াই বছর ধরে যাত্রীবাহী ট্রেন নিয়মিত ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে।

নিত্যযাত্রী, অফিসযাত্রী, ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা এই সমস্যায় নাজেহাল। বহুবার রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি বিক্ষোভকারীদের।বিক্ষোভ মঞ্চ থেকে সরযু রায় সরাসরি রেল প্রশাসনকে কড়া বার্তা দেন। তাঁর অভিযোগ, পণ্যবাহী ট্রেনকে অগ্রাধিকার দিতে গিয়ে যাত্রী পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সাধারণ মানুষকে আর উপেক্ষা করলে এই ক্ষোভ আরও বড় গণআন্দোলনের রূপ নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।রাজনৈতিক মহলের মতে, এই ইস্যু এখন আর শুধু ট্রেন দেরির অভিযোগে সীমাবদ্ধ নেই। বিধায়কের সরাসরি নেতৃত্বে আন্দোলন এখন স্পষ্টভাবেই রাজনৈতিক রূপ নিতে শুরু করেছে। স্টেশন চত্বরে বিপুল জনসমাগম এবং ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা দেখে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।