Skip to content

‘ধাম’ নয়, এবার ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’! দিঘার মন্দিরের নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা: দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। ‘জগন্নাথ ধাম’ না ‘জগন্নাথ মন্দির’— এই প্রশ্নে রাজনৈতিক ও ধর্মীয় মহলে জোর আলোচনা চলার মধ্যেই মঙ্গলবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, দিঘার মন্দির কমপ্লেক্সের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রী জানান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির পক্ষ থেকে পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র তাঁর কাছে একটি বার্তা নিয়ে এসেছিলেন। সেই বার্তায় ‘ধাম’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানানো হয় এবং বিকল্প নামের প্রস্তাব দেওয়া হয়। ওড়িশা সরকারের সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই পশ্চিমবঙ্গ সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।শুভেন্দু অধিকারী বলেন, “সকলেই চান এখানে জগন্নাথদেবের পুজো-পাঠ সুষ্ঠুভাবে হোক। তবে ‘ধাম’ শব্দটি সনাতন ধর্মীয় পরম্পরার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মত প্রকাশ করা হয়েছে। সেই কারণে আমরা ওই নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দিচ্ছি।”মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গোটা মন্দির কমপ্লেক্সের নতুন নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। তিনি জানান, এই নামের সঙ্গেই সরকারি অনুমোদন, হিডকোর টেন্ডার এবং প্রকল্পের আর্থিক কাঠামো যুক্ত রয়েছে। অন্যদিকে, যেখানে জগন্নাথদেবের নিত্যপুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে, সেই অংশটি ‘শ্রী জগন্নাথ দেব মন্দির’ নামেই পরিচিত হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, দিঘার জগন্নাথ মন্দিরে ভারতীয় সংস্কৃতি ও শাস্ত্রসম্মত নিয়ম মেনেই সমস্ত পুজো-পার্বণ অনুষ্ঠিত হবে। মন্দির চত্বরে সাত্ত্বিক পরিবেশ বজায় রেখে প্রসাদ বিতরণ ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। খুব শীঘ্রই মন্দির পরিচালন ট্রাস্ট কমিটির বিস্তারিত তথ্যও প্রকাশ করা হবে এবং তা সরকারি ওয়েবসাইটে উপলব্ধ থাকবে।দিঘার অন্যতম আকর্ষণ হয়ে ওঠা এই জগন্নাথ মন্দিরকে ঘিরে নামকরণ বিতর্কের অবসান ঘটিয়ে নতুন পরিচয়ের মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Latest