অভিজিৎ সাহা:ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। ঠিক এই সময়েই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রবিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই জলীয় বাষ্প থেকেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যা আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করবে।পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ ও দাপট বাড়বে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। রবিবার ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকা জলমগ্ন হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।