পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা: পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দিল্লিতে থাকেন। তিনি মাঝেমধ্যে হিন্দুস্তান কেবলস এলাকার একটি কোয়ার্টারে আসতেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রতিবেশী মন্টু যাদবের বাড়িতে গেলে মন্টুর স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়। এই বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।অভিযোগ, খবর পেয়ে মন্টু যাদব বাড়িতে ফিরে কয়েকজনকে সঙ্গে নিয়ে অশোককে আটকে রেখে মারধর করেন। ঘটনায় গুরুতর আহত হন ওই যুবক। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। যদিও ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা তদন্তসাপেক্ষ। আহত অবস্থায় অশোককে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মূল অভিযুক্ত হিসেবে উল্লেখিত মন্টু যাদবের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে।পুলিশের তদন্তে ঘটনার সূত্রপাত, মারধরের সময় উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং যুবকের মৃত্যুর সঙ্গে অভিযুক্তদের ভূমিকার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। বাকি অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।