Skip to content

প্রেসিডেন্সি জেল থেকে ছাড়ার পথে সারদাকর্তা সুদীপ্ত সেন!

সারদাকর্তা সুদীপ্ত সেন।

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ ১২ বছর ১১ মাসের কারাবাসের পর অবশেষে জেলমুক্তির পথে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বুধবার রাজ্য পুলিশের হাতে থাকা শেষ দু’টি মামলাতেও তাঁকে জামিন মঞ্জুর করেছে। এর ফলে প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মুক্তির পথে আর কোনও আইনি বাধা রইল না। আদালতের নির্দেশ মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে সম্ভবত বৃহস্পতিবারই তিনি জেল থেকে বেরোতে পারেন। ঘটনাচক্রে, রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই সুদীপ্ত সেনের সম্ভাব্য মুক্তি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালত জানিয়েছে, দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া কার্যত থমকে থাকা এবং অভিযুক্তের দ্রুত বিচারের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ায় এই জামিন দেওয়া প্রয়োজন। বিচারপতিদের পর্যবেক্ষণ, “রাষ্ট্রের ব্যর্থতার দায়ে কোনও অভিযুক্তকে অনির্দিষ্টকাল জেলে রাখা যায় না।” হাইকোর্ট সুদীপ্ত সেনের জামিনে একাধিক কড়া শর্ত আরোপ করেছে। ৫,০০০ টাকার বন্ডে দু’জন জামিনদারের মাধ্যমে তাঁকে মুক্তি দেওয়া হবে। পাসপোর্ট জমা রাখতে হবে, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। বাড়ির ঠিকানা বদলালে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। কোনও আর্থিক সংস্থার ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। মামলার সাক্ষীদের প্রভাবিত করা বা তদন্তে বাধা সৃষ্টি করা চলবে না। পাশাপাশি মোবাইল ফোন সবসময় চালু রাখতে হবে এবং ‘লাইভ লোকেশন’ অন রাখতে হবে। মাসে একবার থানায় হাজিরাও দিতে হবে। ২০১৩ সালে সারদা গোষ্ঠীর পতনের পর সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশজুড়ে মোট ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল। তাঁর আইনজীবীদের দাবি, এর মধ্যে ৩৮৭টি মামলায় আগেই জামিন মিলেছিল। শুধু রাজ্য পুলিশের এই দু’টি মামলা বাকি থাকায় জেলমুক্তি আটকে ছিল।

Latest