অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ! খড়্গপুরের আগে হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরার জানালার কাচ ভাঙল, আতঙ্কিত যাত্রীরা!

চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ! খড়্গপুরের আগে হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরার জানালার কাচ ভাঙল, আতঙ্কিত যাত্রীরা!

সেখ ওয়ারেশ আলী : চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াল হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে। মঙ্গলবার (24 নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে 6টা নাগাদ ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছনোর প্রায় 2 কিলোমিটার আগে এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের D-8 কামরার একটি জানালার কাচ ভেঙে যায়।জানা গিয়েছে, 12827 নম্বরের হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের D-8 কামরায় তখন বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আচমকাই জানালার দিকে বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে যায় জানালার কাচ। এরপর একটি ভারী ইটের টুকরো ভাঙা জানালা দিয়ে কামরার ভিতরে ছিটকে এসে পড়ে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন কামরার যাত্রীরা। কিছুক্ষণের জন্য গোটা কামরায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

যাত্রীদের আশঙ্কা, ইটের টুকরোটি সামান্য অন্যদিকে এসে পড়লেই কোনও যাত্রী গুরুতর আহত হতে পারতেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে চলন্ত ট্রেন লক্ষ্য করে এ ধরনের পাথর বা ইট নিক্ষেপের ঘটনা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক।ঘটনাকে কেন্দ্র করে রেলপথে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কে বা কারা চলন্ত ট্রেন লক্ষ্য করে এই পাথর ছুড়েছে, কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শুধু রেলের সম্পত্তির ক্ষতি নয়, যাত্রীদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা।