কোলাঘাটে হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর মৃত্যু, 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও তদন্তের দাবিতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা-হলদিয়া জাতীয় সড়কের পাশে শের বেঙ্গল হোটেল সংলগ্ন এলাকায় হিউম পাইপ পরিষ্কারের কাজ করতে গিয়ে এক সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানাল নাগরিক সুরক্ষা কমিটি। মৃত সাফাই কর্মীর নাম বিকাশ রাউত। তাঁর বাড়ি পাঁশকুড়ার হাউরের মহিমপুর গ্রামে। নাগরিক কমিটির দাবি, হোটেল সংলগ্ন নয়ানজুলিতে হিউম পাইপ বসানো হয়েছিল। ওই পাইপের ভিতরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করতে গিয়েই বিকাশ রাউতের মৃত্যু হয়। কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে এবং কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে সংগঠনটি।এই ঘটনায় মৃতের পরিবারকে অন্তত 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও এককালীন আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায় নির্ধারণ এবং তদন্তে দোষ প্রমাণিত হলে হোটেল মালিক-সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এছাড়াও ওই এলাকায় জলনিকাশের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। তাদের দাবি, নয়ানজুলিতে বসানো হিউম পাইপের পরিবর্তে প্রশস্ত কালভার্ট নির্মাণ করতে হবে, যাতে জল চলাচল স্বাভাবিক থাকে এবং ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক জানান, ঘটনার পর তাঁরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। তাঁর অভিযোগ, এলাকার কয়েকটি বাড়ি ও দোকানের সামনে নয়ানজুলির উপর কালভার্ট তৈরি করে জলনিকাশের ব্যবস্থা করা হলেও শের বেঙ্গল হোটেলের সামনে হিউম পাইপ বসানো হয়েছিল। তাঁর দাবি, ওই পাইপ পরিষ্কারের কাজে সাফাই কর্মীদের ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছিল। ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে সমস্ত বিষয় খতিয়ে দেখার দাবি জানান তিনি। এই দাবিগুলি নিয়ে নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং কোলাঘাট থানার ওসির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ, কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট পক্ষগুলির দায়িত্বের বিষয়টি প্রশাসনিক তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
প্রকৃতির দুর্যোগে ফসলহানি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে 205 কোটি বরাদ্দ রাজ্যের
পূর্ব মেদিনীপুর
‘আকভান’-এ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-সহ 6 দফা দাবিতে পূর্ব মেদিনীপুরে ডেপুটেশন, স্মারকলিপি জমা SUCI-র
পূর্ব মেদিনীপুর