প্রকৃতির দুর্যোগে ফসলহানি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে 205 কোটি বরাদ্দ রাজ্যের
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে অকাল বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান, ফুল, পান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়েছেন বহু কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দিতে প্রাথমিকভাবে 205 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষক সংগ্রাম পরিষদ এবং সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া অকাল বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা-সহ রাজ্যের মোট ন’টি জেলায় কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে আমন ধান, ফুল, পান এবং বিভিন্ন ধরনের সবজি চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। বিশেষত ফুল ও পান চাষের সঙ্গে যুক্ত কৃষকদের আর্থিক ক্ষতির বিষয়টি নতুন করে সামনে এসেছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের 205 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে কৃষক সংগঠনগুলি। সংগঠনগুলির বক্তব্য, ফুল, পান ও সবজি সাধারণ কৃষিজ পণ্যের স্বীকৃতির আওতায় না থাকলেও এবার ওই সমস্ত ফসলের ক্ষতিগ্রস্ত চাষিদেরও ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট চাষিরা উপকৃত হবেন। কৃষক সংগ্রাম পরিষদ এবং সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক যাতে দ্রুত ক্ষতিপূরণের অর্থ পান, তা নিশ্চিত করতে হবে। নারায়ণ চন্দ্র নায়কের আরও দাবি, ক্ষতিপূরণের পাশাপাশি আগামী মরশুমে চাষের কাজ পুনরায় শুরু করার জন্য কৃষকদের বিনামূল্যে বীজ, চারা এবং প্রয়োজনীয় সার সরবরাহ করতে হবে। তাঁর মতে, শুধু আর্থিক সহায়তা নয়, কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত চাষিদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া জরুরি। প্রাকৃতিক দুর্যোগের পর কৃষকদের আর্থিক ক্ষতি সামাল দেওয়া এবং পরবর্তী চাষের প্রস্তুতি নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। তাই ঘোষিত ক্ষতিপূরণ দ্রুত প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছনোর পাশাপাশি কৃষি উপকরণ সরবরাহের দাবিও জোরালো হচ্ছে।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
‘আকভান’-এ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ-সহ 6 দফা দাবিতে পূর্ব মেদিনীপুরে ডেপুটেশন, স্মারকলিপি জমা SUCI-র
পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর মহিষাদলের ঐতিহ্যবাহী গয়না বড়ি এবার পাড়ি দিচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই-সহ বিদেশের নানা প্রান্তে!
পূর্ব মেদিনীপুর