পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় 63টি পুজো কমিটিকে ‘শারদ স্বাস্থ্য সুরক্ষা সম্মান 2026’ প্রদান
নিজস্ব সংবাদদাতা : শারদোৎসবে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি পেল জেলার 63টি পুজো কমিটি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জেলা জনস্বাস্থ্য দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হলো ‘শারদ স্বাস্থ্য সুরক্ষা সম্মান 2026’।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দেশে জেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার 21টি ব্লকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট 63টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির কর্মকর্তারা উপস্থিত থেকে এই সম্মান গ্রহণ করেন।জেলা পরিষদ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শারদোৎসব চলাকালীন বিভিন্ন পুজো কমিটির স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত সচেতনতামূলক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কারপ্রাপকদের নির্বাচন করা হয়েছে। বিশেষ করে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পচনশীল ও অপচনশীল আবর্জনা পৃথকীকরণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং পুজো প্রাঙ্গণের পরিচ্ছন্নতা বজায় রাখার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়টিও মূল্যায়নের অন্তর্ভুক্ত ছিল।প্রতিটি স্থানাধিকারী পুজো কমিটির হাতে একটি করে সুদৃশ্য স্মারক ও শংসাপত্র তুলে দিয়ে তাদের উদ্যোগকে স্বীকৃতি জানানো হয়। প্রশাসনের মতে, উৎসবের আনন্দের পাশাপাশি পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্যের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।প্রশাসনিক এই উদ্যোগ আগামী দিনে জেলার অন্যান্য পুজো কমিটিকেও স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উৎসব আয়োজনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকেরা। উৎসবকে কেন্দ্র করে জনস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াই এই সম্মাননার মূল উদ্দেশ্য।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
স্পঞ্জ আয়রন কারখানার দূষণ নিয়ে সরব খড়গপুর দূষণ বিরোধী মঞ্চ, IIT খড়গপুরের ডিরেক্টরকে চিঠি!
পশ্চিম মেদিনীপুর
সংবিধান দিবসে নাড়াজোল রাজ কলেজে বিশেষ আলোচনা সভা, সাংবিধানিক মূল্যবোধ ও নাগরিক কর্তব্যের বার্তা
পশ্চিম মেদিনীপুর