মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বৃদ্ধাশ্রমের চার দেওয়ালেই প্রেমের শুরু, 70-এ বিয়ে! কানহাইয়া-সাবিনার কাহিনি ভাইরাল

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু, 17 বছর পর শাস্তি চিকিৎসকের,আদালতের বড় রায়

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু, 17 বছর পর শাস্তি চিকিৎসকের,আদালতের বড় রায় বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার।

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবশেষে মিলল বিচার। মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে জয় পেলেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। বুধবার (25 নভেম্বর) সুরতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালত অভিযুক্ত চিকিৎসক ডা. পরেশ ভাজিয়াওয়ালাকে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাঁকে 1,000 টাকা জরিমানাও করা হয়েছে। ঘটনার সূত্রপাত 2009 সালের জানুয়ারি মাসে। সাধারণ জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়ে সুরতের কৈলাশনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইসমাইল দরবারের 70 বছর বয়সি মা জায়তুন বিবি দরবার। চিকিৎসাধীন অবস্থায় পিঠে ব্যথার অভিযোগ করলে চিকিৎসকের নির্দেশে তাঁর পিঠের নিচে গরম জলের ব্যাগ রাখা হয়। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট সময় পর ব্যাগটি সরিয়ে নেওয়ার কথা থাকলেও নার্সের চরম গাফিলতিতে সেটি সারারাত তাঁর শরীরের নিচে থেকে যায়।এর ফলে জায়তুন বিবির পিঠ ও হাত মারাত্মকভাবে পুড়ে যায়। শরীরে গভীর ক্ষত তৈরি হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। প্রায় তিন সপ্তাহ কোমায় থাকার পর 2009 সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় তাঁর। মায়ের মৃত্যুর পরই হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসক পরেশ ভাজিয়াওয়ালা ও নার্স চানচুবেনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। দীর্ঘ 17 বছর ধরে চলা এই মামলায় 16 জনেরও বেশি সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। অবশেষে বুধবার আদালত অভিযুক্ত চিকিৎসককে ভারতীয় দণ্ডবিধির 338 ধারায় দোষী সাব্যস্ত করে। বিচারক পূজা সুরানা পর্যবেক্ষণে জানান, চিকিৎসা পরিষেবায় এমন গুরুতর গাফিলতি কোনওভাবেই উপেক্ষা করা যায় না। সমাজে দৃষ্টান্ত স্থাপনের জন্যই এই শাস্তি প্রয়োজন। মামলার অপর অভিযুক্ত নার্স জামিনে মুক্ত হওয়ার পর পালিয়ে যান এবং তাঁকে পলাতক ঘোষণা করা হয়। অভিযোগকারী পক্ষের আইনজীবী কেতন রেশমওয়ালা আদালতে বিভিন্ন তথ্যপ্রমাণ ও সাক্ষীদের বক্তব্য তুলে ধরেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর চিকিৎসককে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আইনজীবী রেশমওয়ালার মতে, চিকিৎসায় অবহেলার ঘটনায় এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। মায়ের মৃত্যুর পর দীর্ঘ 17 বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন ইসমাইল দরবার। অবশেষে আদালতের এই রায়ে তাঁর দীর্ঘ আইনি লড়াই পেল পরিণতি।