শতবর্ষের ঐতিহ্যে অটুট দাস পরিবারের রাস উৎসব, ভক্তি ও নিষ্ঠায় মাতল শরৎপল্লি!
সেখ ওয়ারেশ আলী : সময় বদলেছে, কমেছে পুজোর জাঁকজমক, কিন্তু বদলায়নি ভক্তি, নিষ্ঠা আর পারিবারিক পরম্পরা। প্রায় একশো বছরের ঐতিহ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাসপূর্ণিমা উপলক্ষে মেদিনীপুর শহরের শরৎপল্লি এলাকায় স্বর্গীয় সুরেন্দ্রনাথ দাসের বাড়িতে পালিত হলো দাস পরিবারের ঐতিহ্যবাহী রাস উৎসব। সকাল থেকেই পুজোর আয়োজন ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে ছিল ব্যস্ততা ও উৎসাহ।পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, প্রায় একশো বছর আগে এই পারিবারিক রাস উৎসবের সূচনা হয়েছিল। সেই সময় থেকেই রাসপূর্ণিমা উপলক্ষে মহাপ্রভু রাধাকৃষ্ণের রাসলীলা স্মরণ করে নিষ্ঠা ও ভক্তিভরে পুজোর আয়োজন হয়ে আসছে।

স্বর্গীয় সুরেন্দ্রনাথ দাসের প্রয়াণের পরও পরিবারের সদস্যরা প্রবীণদের দেখানো পথ অনুসরণ করে সমস্ত আচার-অনুষ্ঠান ও রীতিনীতি মেনে এই পরম্পরা বজায় রেখেছেন।পুজো উপলক্ষে মেদিনীপুর শহরের বক্সীবাজার থেকে নিয়ে আসা হয় মহাপ্রভুকে। পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পুজো-অর্চনায় অংশ নেন। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়িতে শুরু হয় হরিনাম সংকীর্তন। পাশাপাশি প্রায় 400 জন ভক্তের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়।সময়ের সঙ্গে উৎসবের বাহ্যিক আয়োজন কিছুটা সীমিত হলেও ধর্মীয় আচার ও পারিবারিক মিলনের আবহে কোনও খামতি নেই। পরিবারের নতুন প্রজন্মও প্রবীণদের অনুসরণ করে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছে। ভক্তি, বিশ্বাস ও পারিবারিক বন্ধনের মেলবন্ধনে দাস পরিবারের এই রাস উৎসব আজও মেদিনীপুরের শরৎপল্লিতে বহন করে চলেছে এক শতাব্দীপ্রাচীন স্মৃতি ও পরম্পরা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস খড়্গপুরে ঢোকার মুখে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ইন্দার বাসিন্দা
পশ্চিম মেদিনীপুর
বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে আন্তর্জাতিক সম্মেলন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, 8 দেশের গবেষক-শিক্ষাবিদদের সমাগম!
পশ্চিম মেদিনীপুর