মেদিনীপুর 26° ☀️ · AQI 269 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং 26/11 মুম্বই জঙ্গি হামলার 18 বছর: রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে দেশকে, শ্রদ্ধায় স্মরণ শহিদ ও নিহতদের!

26/11 মুম্বই জঙ্গি হামলার 18 বছর: রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে দেশকে, শ্রদ্ধায় স্মরণ শহিদ ও নিহতদের!

26/11 মুম্বই জঙ্গি হামলার 18 বছর: রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে দেশকে, শ্রদ্ধায় স্মরণ শহিদ ও নিহতদের!

নিজস্ব সংবাদদাতা: 2008 সালের সেই কালো রাতের ক্ষত আজও অমলিন। 2008 সালের 26 নভেম্বর। সন্ত্রাসের বিরুদ্ধে সাহস, আত্মত্যাগ ও বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শহিদ নিরাপত্তারক্ষী এবং প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর সমবেদনা। ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছিল এই দিনেই। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। দেখতে দেখতে পেরিয়ে গেল 18 বছর। 2026 সালের 26 নভেম্বর সেই ভয়াবহ 26/11 হামলার 18তম বর্ষপূর্তি। কিন্তু সেই রাতের আতঙ্ক, স্বজন হারানোর বেদনা এবং নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগ আজও দেশবাসীর স্মৃতিতে অমলিন।2008 সালের 26 নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করে লস্কর-ই-তইবার (LeT) 10 জন সশস্ত্র জঙ্গি। এরপর শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে একযোগে হামলা চালায় তারা। জঙ্গিদের নিশানায় ছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT), তাজমহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল, নারিম্যান হাউস, লিওপোল্ড ক্যাফে এবং কামা হাসপাতাল-সহ একাধিক এলাকা।টানা প্রায় 60 ঘণ্টা ধরে চলে গুলির লড়াই, বিস্ফোরণ ও উদ্ধার অভিযান। আতঙ্কে স্তব্ধ হয়ে যায় মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন। এই হামলায় 166 জন নিরীহ মানুষের মৃত্যু হয় এবং 300-রও বেশি মানুষ আহত হন। নিহতদের মধ্যে ছিলেন বিদেশি নাগরিকও।

নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগ : জঙ্গিদের মোকাবিলায় প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন মুম্বই পুলিশ, সেনাবাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) জওয়ানরা। অভিযানে বহু নিরাপত্তারক্ষী প্রাণ হারান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুম্বই পুলিশের তৎকালীন সন্ত্রাসবিরোধী শাখার প্রধান হেমন্ত কারকারে, অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামতে, এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাসকর এবং সহকারী পুলিশ উপ-পরিদর্শক তুকারাম ওম্বলে।বিশেষ করে তুকারাম ওম্বলের সাহসিকতা আজও স্মরণীয়। সন্ত্রাসবাদী আজমল কাসাবকে জীবিত ধরতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন তিনি। তাঁর আত্মত্যাগের ফলেই হামলার অন্যতম অভিযুক্তকে জীবিত গ্রেফতার করা সম্ভব হয়।

বিচারের প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ : হামলায় অংশ নেওয়া 10 জন জঙ্গির মধ্যে নিরাপত্তারক্ষীদের অভিযানে 9 জন নিহত হয়। একমাত্র জীবিত ধরা পড়ে আজমল আমির কাসাব। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর 2012 সালের 21 নভেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে তার ফাঁসি কার্যকর হয়।এই হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত তাহাউর রানাকে 2025 সালের এপ্রিলে আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। 26/11 হামলার বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

18 বছর পরেও অমলিন স্মৃতি : 26/11 কেবল একটি জঙ্গি হামলার ঘটনা নয়, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতি বছর এই দিনে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। শহিদ নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগও নতুন করে স্মরণ করেন দেশবাসী।18 বছর পরেও 26/11-এর ক্ষত পুরোপুরি মুছে যায়নি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কাছে এই দিন আজও গভীর শোকের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান, নাগরিক নিরাপত্তা এবং শান্তি রক্ষার অঙ্গীকারই হোক এই দিনের প্রধান বার্তা। সন্ত্রাসের কাছে মাথা নত নয়, শহিদদের আত্মত্যাগ কখনও বিস্মৃত হবে না।