নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বকাপ শুধু খেলার মঞ্চ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও আবেগেরও এক অনন্য মিলনস্থল। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ৫২ বছর পর ফের অংশগ্রহণের সুযোগ পেয়েছে ক্যারিবীয় দেশ হাইতি। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগেই তাদের জার্সি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। হাইতির নতুন হোম ও অ্যাওয়ে জার্সিতে কোমরের কাছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পোল্যান্ডের জাতীয় পতাকার সাদা-লাল রঙের ছাপ। প্রথম দর্শনে অনেকেরই মনে হতে পারে এটি কোনও নকশাগত ভুল। কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে ২২০ বছরের এক অসাধারণ ইতিহাস, যা স্বাধীনতার সংগ্রাম ও আন্তর্জাতিক সংহতির এক বিরল দৃষ্টান্ত। ইতিহাসের পাতা বলছে, ১৮০২ সালে হাইতি তখন ফ্রান্সের উপনিবেশ ছিল। স্বাধীনতার দাবিতে ফরাসি শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেছিলেন হাইতির বিপ্লবীরা। সেই সময় ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট প্রায় পাঁচ হাজার পোলিশ সৈন্যকে হাইতিতে পাঠান ফরাসি বাহিনীকে সহায়তা করার জন্য। তৎকালীন পোল্যান্ড নিজেও স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল। দেশটির বড় অংশ রাশিয়া ও অস্ট্রিয়ার নিয়ন্ত্রণে ছিল। ফ্রান্সকে সাহায্য করলে ভবিষ্যতে পোল্যান্ডের স্বাধীনতা আন্দোলনেও সমর্থন মিলবে— এমন আশা থেকেই পোলিশ সেনারা হাইতিতে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন, হাইতির মানুষও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে।

সেই উপলব্ধির পর বহু পোলিশ সৈন্য ফরাসি বাহিনীর পক্ষ ত্যাগ করে হাইতির স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ দেন। তাদের এই সমর্থন ও যৌথ সংগ্রামের ফলেই ফরাসি বাহিনী পিছিয়ে যেতে বাধ্য হয় এবং ১৮০৪ সালে স্বাধীনতা লাভ করে হাইতি। স্বাধীনতার পর হাইতির প্রথম রাষ্ট্রপ্রধান জ্যঁ জ্যাক দেশালিন্স প্রকাশ্যে পোলিশ সৈন্যদের অবদানের কথা স্বীকার করেন। শুধু তাই নয়, বিদেশিদের জন্য নাগরিকত্ব ও জমি কেনার ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকলেও পোলিশদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। প্রায় ৫০০ পোলিশ সৈন্য হাইতিতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং আর নিজ দেশে ফিরে যাননি। দুই শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক বন্ধুত্ব ও ত্যাগের স্মৃতি ভোলেনি হাইতি। তাই ২০২৬ বিশ্বকাপের জার্সিতে স্থান পেয়েছে পোল্যান্ডের পতাকা। এটি শুধুমাত্র একটি নকশা নয়, বরং ইতিহাসের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিল, স্কটল্যান্ড এবং মরক্কোর মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে হাইতি। ঘটনাচক্রে এবারের বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি পোল্যান্ড। কিন্তু হাইতির জার্সির মাধ্যমে তাদের ঐতিহাসিক উপস্থিতি ফুটবলের সর্ববৃহৎ মঞ্চে স্মরণীয় হয়ে থাকবে। ফুটবলপ্রেমীদের কাছে তাই হাইতির জার্সি এখন শুধু একটি ক্রীড়া পোশাক নয়, বরং ইতিহাস, বন্ধুত্ব এবং স্বাধীনতার সংগ্রামের এক জীবন্ত দলিল।